ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পল্টনে পুলিশের সঙ্গে বাম জোটের সংঘর্ষ

রাজধানীর পল্টনে বাম দলের হরতালে নেতাকর্মীদের ওপর পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এ দিকে, হরতাল পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা। সোমবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।


জানা যায়, হরতাল সমর্থনকারী নেতাকর্মীদের রাস্তা থেকে সরাতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করেন নেতাকর্মীরা। এই ঘটনায় কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন।


হামলার বিষয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে, তার প্রতিবাদে দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকাল ৪টায় ঢাকায় পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ হবে।


উল্লেখ্য, চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট এই অর্ধদিবস হরতাল পালন করে।


এ দিন ভোর ৬টায় হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে মিছিল বের করেন সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা। তারা পল্টন মোড়ে অবস্থান নেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।


এ সময়, নিরাপত্তা নিশ্চিতে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের দেখা গেছে।


গত ১১ মার্চ সকালে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এই হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

ads
ads
ads

Our Facebook Page

↑